ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলা আয়োজনের আবেদন নামঞ্জুর করেছে জেলা প্রশাসন। বুধবার মেলা বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদন নামঞ্জুর করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। কোনো কারণ না দেখিয়েই জেলা প্রশাসকের এখতিয়ারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে অনুমতি ছাড়াই স্কুল মাঠে মেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলার মধ্যে মাঠের চারপাশে টিনের বেড়া দিয়ে অবকাঠামো নির্মাণ করা হচ্ছিল। স্টল তৈরির কাজও চলছিল। এরপর বুধবার ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদন নামঞ্জুর করেন জেলা প্রশাসক।
আবদুর রশিদের মালিকানাধীন মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছিল। উদ্বোধনের তারিখ ঘোষণা না হলেও স্টল নির্মাণসহ আনুষঙ্গিক কাজের বড় অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত ১০-১২ দিন ধরে মাঠে প্রস্তুতির কাজ চলছে। সেখানে প্রায় ৭০টি স্টল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসন, পুলিশ সুপার কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এ মেলার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এ ঘটনায় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান দাবি করেছিলেন, ১৬ ডিসেম্বরের পর মেলা আয়োজনের বিষয়ে প্রশাসনের সম্মতি পাওয়া গেছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, তারা কাউকে কোনো অনুমতি দেয়নি।
আবেদন নামঞ্জুর হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ। তিনি বিএইচএস নিউজকে বলেন, গত বছর এ ধরনের মেলার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবারও মেলা হলে তাদের ব্যবসা পরিচালনা কঠিন হতো। সিদ্ধান্তের জন্য তিনি জেলা প্রশাসককে সাধুবাদ জানান।
জেলা প্রশাসক ডা. শামীম রহমান বিএইচএস নিউজকে বলেন, জেলা প্রশাসকের এখতিয়ারে কোনো কারণ ছাড়াই মেলার আবেদন নামঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য, এ মাঠটি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ। মাঠের চারপাশে ওয়াকওয়ে থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ সেখানে হাঁটাহাঁটি করেন। বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এ পরীক্ষা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর একই বিদ্যালয়ে শুরু হবে বৃত্তি পরীক্ষা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান বিএইচএস নিউজকে বলেন, বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার পর বৃত্তি পরীক্ষা রয়েছে। মেলা হলে শব্দদূষণ ও ময়লা-আবর্জনার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাই তিনি স্কুল মাঠে মেলার আয়োজনের পক্ষে নন।
ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর বিএইচএস নিউজকে বলেন, মেলা আয়োজনের জন্য চেম্বারের অনুমোদন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতি প্রয়োজন। তবে এ বিষয়ে তাঁর কাছে কেউ আবেদন করেননি।
২০২৪ সালের স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনসংক্রান্ত নীতিমালার ৫ নম্বর পরিপত্রের (চ) ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মেলা আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।
