বরিশাল নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ির সামনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় তারা বাড়িটির নাম পালটে ‘খুনির বাড়ি’ লেখা নামফলক গেটে লাগিয়ে দেন। বাড়ির আগের নাম কালো কালি দিয়ে মুছে ফেলা হয়। পাশাপাশি গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত ব্যানার ঝোলানো হয় বাড়ির সামনে।
কর্মসূচি চলাকালে গুমের শিকার সহোদর দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি তিনি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে তাদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন এই মা।
এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তারা। জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
জিয়াউল আহসান সাবেক মেজর জেনারেল (বরখাস্ত) ও জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক। ২০২৪ সালের ৬ আগস্ট তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর একই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেদিন নিচতলার একটি কক্ষে আগুন দেওয়া হয়।
