বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সকিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত সকিনা বেগম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দার মানিক এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২২ হাজার ৬৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২২৪ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৩৬ জন। আর মৃত্যু হয়েছে ৩৪ জনের।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বিএইচএস নিউজকে বলেন, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতিতে চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।
