এইমাত্র
ঝালকাঠি

নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় মিছিলটি উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন নাশকতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অপতৎপরতা মোকাবিলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল মন্টু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান হেলাল খান, ঝালকাঠি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্না ও সদস্য সচিব সাইদুল কবির রানা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিবাদ জানান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। কর্মসূচিতে নলছিটি উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।