এইমাত্র
বরিশাল সদর

বরিশাল নগরীতে অবৈধ পাইপ উচ্ছেদ করল সিটি করপোরেশন

বরিশাল নগরীতে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ পাইপের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী নগরীর ভাটিখানা সড়ক এবং ২৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী খাল-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক ও জনচলাচলের পথে অননুমোদিতভাবে স্থাপন করা বিভিন্ন পাইপ অপসারণ করা হয়। পরে ভবিষ্যতে এসব পাইপ ব্যবহার করে আবারও প্রতিবন্ধকতা সৃষ্টি রোধে সেগুলো তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।

বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদারসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর নগরীর পরিবেশ ও অবকাঠামো রক্ষায় বিসিসি নগরীর ১৮টি বালু অবতরণ কেন্দ্রের ইজারা ও কার্যাদেশ বাতিল করে এবং বালু সরবরাহে ব্যবহৃত পাইপলাইন অপসারণের নির্দেশ দেয়। এরপর থেকে নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার পাইপলাইনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর সড়ক ও জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।