এইমাত্র
বরিশাল সদর

বরিশালের অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি

সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ দক্ষিণাঞ্চলে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বরিশালভিত্তিক অলিম্পিক সিমেন্টের সঙ্গে উৎপাদন চুক্তি করেছে। চুক্তির আওতায় অলিম্পিক সিমেন্ট হাইডেলবার্গের সরবরাহ করা কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রী ব্যবহার করে সিমেন্ট উৎপাদন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া তথ্য অনুযায়ী, হাইডেলবার্গের পরিচালনা পর্ষদ অলিম্পিক সিমেন্টের সঙ্গে ছয় মাসের টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি অনুমোদন করেছে। পারস্পরিক সম্মতিতে চুক্তির মেয়াদ বাড়ানো যাবে। হাইডেলবার্গের মান ও প্রযোজ্য নিয়ন্ত্রক মানদণ্ড অনুযায়ী সিমেন্ট উৎপাদন করা হবে।

হাইডেলবার্গের দাবি, এই ব্যবস্থায় বরিশাল ও আশপাশের এলাকার গ্রাহকদের কাছে আরও দ্রুত পণ্য পৌঁছে দেওয়া যাবে এবং পরিবহন খরচ কমবে। এতে প্রতিষ্ঠানটির পরিচালন নমনীয়তাও বাড়বে।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের কোম্পানি সচিব সুলতান রিয়াজ মাহমুদ বিএইচএস নিউজকে বলেন, বাজারের চাহিদার ওপর উৎপাদনের পরিমাণ নির্ভর করবে। দ্রুত সরবরাহের মাধ্যমে দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠানটির উপস্থিতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে আর্থিক চাপের মুখে রয়েছে হাইডেলবার্গ। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ৩১ কোটি ৫০ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২৩ কোটি ২৩ লাখ টাকা। প্রতি টনে মুনাফার হার কমে যাওয়া ও বিক্রির পরিমাণ কমে যাওয়াকে লোকসানের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।