বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গভীর রাতে মশাল মিছিল বের করা ও চলন্ত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তবিরকাঠী গ্রামের কাঠেরপুল এলাকায় এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলকারীদের হাতে মশাল ও লাঠিসোঁটা ছিল। মিছিল চলাকালে মহাসড়কে চলাচলরত একটি গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাকেরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মহাসড়ক ও আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদারের আহ্বান জানিয়েছেন তাঁরা।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিএইচএস নিউজকে জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে।
