বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতা মো. আনোয়ার হাওলাদার (৫২) হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার বিকেল ৩টার দিকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
নিহত আনোয়ার হাওলাদার উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভবানীপুর হাওলাদার বাড়ির মৃত আকব্বর হাওলাদারের ছেলে।
পরিবারের অভিযোগ, গত ২৯ অক্টোবর এশার নামাজের পর বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় পারিবারিক পূর্ববিরোধের জেরে আনোয়ারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অভিযোগে বলা হয়, হামলায় সোহেল হাওলাদারসহ সমির হাং, নাছিম হাং, নয়ন খা ও সাকিব জোমাদ্দারসহ আরও কয়েকজন অংশ নেন।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও মামলা রুজুর ১০ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন এবং কিছুক্ষণ বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
