জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীর দশমিনায় র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে ‘আইল থেকে আন্তালিয়া’ শীর্ষক এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক, কিষানি, ভূমিহীন মানুষ ও মানবাধিকারকর্মীরা দশমিনা সদর ইউনিয়ন পরিষদের সামনে সমবেত হন। সেখান থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. নয়া মিয়া শিকদারের সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কায়েস মাহমুদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কিষানি সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ডা. সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, কেন্দ্রীয় নেতা শাহ আলম, মানবাধিকারকর্মী মো. মজিবুর রহমান টিটু, দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু প্রাণকৃষ্ণ দাসসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় অঞ্চলের কৃষক, মৎস্যজীবী, ভূমিহীন ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ জলবায়ু সংকট সৃষ্টির জন্য দায়ী ধনী দেশ ও জীবাশ্ম জ্বালানিনির্ভর করপোরেট শক্তিগুলো তাদের দায় যথাযথভাবে স্বীকার করছে না। উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ এবং ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কৃষক, কিষানি, ভূমিহীন ও উপকূলীয় জনগোষ্ঠীর মতামত এবং অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে। সমাবেশ থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং কৃষকের অধিকার সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।
