এইমাত্র
বরিশাল সদর

বরিশালে এক দশকে অর্থনৈতিক প্রতিষ্ঠান বেড়েছে ৬২ শতাংশ

বরিশাল জেলায় গত এক দশকে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৬২ দশমিক ২৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি-২০২৪-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি। ২০১৩ সালের শুমারিতে এ সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৭২টি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অর্থনৈতিক শুমারি-২০২৪-এর প্রাথমিক প্রতিবেদন ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বিবিএস আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলার ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি অর্থনৈতিক ইউনিটের মধ্যে স্থায়ী ইউনিট ১ লাখ ৫ হাজার ৬১১টি, অস্থায়ী ইউনিট ৬ হাজার ৯৯৭টি এবং অর্থনৈতিক পরিবারভিত্তিক ইউনিট ৬০ হাজার ৬৮টি। এসব ইউনিটে মোট ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন কর্মরত রয়েছেন—তাঁদের মধ্যে স্থায়ী ৮৮ হাজার ৭৪০ জন, অস্থায়ী ৮ হাজার ৬১৮ জন এবং অর্থনৈতিক পরিবারভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ২ লাখ ৭৪ হাজার ২৩৪ জন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্য ও উপাত্তভিত্তিক পরিকল্পনা ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। অর্থনৈতিক শুমারির তথ্য দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনা ও সীমাবদ্ধতা চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, জীবনযাত্রার মান এবং আয়-ব্যয়ের বিভিন্ন সূচকে বরিশাল অঞ্চল এখনো তুলনামূলক পিছিয়ে রয়েছে। এর অন্যতম কারণ এ অঞ্চলে শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সীমিত বিস্তৃতি। এ পরিস্থিতি পরিবর্তনে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

বরিশালের অর্থনীতিতে কৃষির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক আরও বলেন, কৃষি এখনো এ অঞ্চলের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। পাশাপাশি প্রবাসী আয়ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফারিসা এবং পুলিশ সুপার মো. আলাউল হাসান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।